নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস। সংস্থাটির দাবি, এলএনজিনির্ভর বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকলে বিদ্যুৎ বিভ্রাট, মূল্যস্ফীতি, শিল্প উৎপাদন ব্যাহত হওয়া এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ আরও বাড়তে পারে। একই সঙ্গে প্রস্তাবিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের পুরো কার্যকালজুড়ে এক বিলিয়ন টনের বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করতে পারে।
শনিবার কক্সবাজারে প্রকাশিত ‘এলএনজি নিয়ে শেষ মরিয়া চেষ্টা: বাংলাদেশের জন্য মিডি মাস্টারপ্ল্যান’ শীর্ষক এক প্রতিবেদনে এসব আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (মিডি) আওতায় এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানি অবকাঠামো সম্প্রসারণে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রস্তাবিত গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোতে ব্যয় হতে পারে আনুমানিক ১৯ বিলিয়ন ডলার। এ ছাড়া স্থলভিত্তিক এলএনজি আমদানি টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় এক বিলিয়ন ডলার।
মার্কেট ফোর্সেসের হিসাব অনুযায়ী, এলএনজি আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের কারণে বাংলাদেশের বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে। ২০২৭ সালের পূর্বাভাস অনুযায়ী গড় দাম অব্যাহত থাকলে আমদানি ব্যয় বছরে প্রায় ২৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কমে গেলে এই ব্যয় বছরে প্রায় সাত বিলিয়ন ডলারে নেমে আসতে পারে।
মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন ডিরেক্টর মুনিরা চৌধুরী বলেন, এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় আর্থিক বোঝা হয়ে উঠবে। এলএনজি আমদানিতেও বিপুল অর্থ ব্যয় করতে হবে। তাঁর মতে, দেশের মানুষের প্রয়োজন সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি ও নির্মল বায়ু। তাই নতুন জীবাশ্ম জ্বালানি অবকাঠামোর পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো উচিত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিডি পরিকল্পনার আওতায় প্রস্তাবিত এলএনজি ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের কার্যকালজুড়ে এক বিলিয়ন টনের বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করতে পারে। এই নির্গমনের পরিমাণ বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানিজনিত নির্গমনের তুলনায় ১০ গুণেরও বেশি হতে পারে বলে দাবি করেছে সংস্থাটি।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) তৈরি মিডি মাস্টারপ্ল্যানে চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ গিগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা স্থাপনের প্রস্তাব রয়েছে। অন্যদিকে, জাপানের সহায়তায় বাস্তবায়িত মাতারবাড়ী-১ কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনের দাবি, এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে ২০ হাজারের বেশি লবণচাষি, মৎস্যজীবী ও স্থানীয় উৎপাদক জীবিকা হারিয়েছেন।
মুনিরা চৌধুরীর ভাষ্য, মাতারবাড়ীতে এলএনজি ও কয়লাভিত্তিক অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা স্থানীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে সামাজিক সংকটের পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের ঝুঁকিও বাড়বে।
তিনি আরও বলেন, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির উচ্চ ব্যয় দেশের উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করছে। বিদ্যুতের ক্রমবর্ধমান ব্যয় ও লোডশেডিংয়ের কারণে শিল্পপ্রতিষ্ঠান এবং সাধারণ ভোক্তারা ইতিমধ্যে চাপের মুখে রয়েছেন। নতুন করে ব্যয়বহুল এলএনজির ওপর নির্ভরতা বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
এদিকে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব বাড়ানোর বিষয়ে সরকারের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয়েছে। বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
গত ২৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ অনুষ্ঠানে তিনি বলেন, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতের সিদ্ধান্ত ও কার্যক্রম সহজ করতে সরকার বিশেষ নবায়নযোগ্য জ্বালানি আইন প্রণয়নের কাজ করছে।
সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়াতেও সরকার কিছু নীতিগত প্রণোদনা চালু করেছে। এর মধ্যে ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতের জন্য শূন্য শতাংশ করহার এবং সৌরবিদ্যুতের উপকরণ আমদানিতে শুল্ক অব্যাহতির সুবিধা রয়েছে।
মার্কেট ফোর্সেসের দাবি, বাংলাদেশে সর্বোচ্চ ২৪০ গিগাওয়াট সৌরবিদ্যুৎ এবং ৩০ গিগাওয়াট স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় অবকাঠামো, বিনিয়োগ ও বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার উন্নয়ন জরুরি।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার বিকল্প নেই। তবে দেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামোগত বাস্তবতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এই রূপান্তর করতে হবে।
টেকসই জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হলেও তা অর্জন করা সম্ভব। তবে এ জন্য প্রয়োজনীয় গ্রিড ও সঞ্চালনব্যবস্থা প্রস্তুত করা বড় চ্যালেঞ্জ। লক্ষ্যমাত্রা অর্জন করা গেলে দেশের মোট বিদ্যুতের প্রায় ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসবে। তবে এখনই এলএনজি ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ করার সুযোগ নেই বলে মনে করেন তিনি।
অন্যদিকে, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বাংলাদেশের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন। কত বছরের মধ্যে কী পরিমাণ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা হবে, তা নির্ধারণ করা জরুরি। তবে একটি জ্বালানি উৎস বন্ধ করে অন্যটিতে চলে যাওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার সমন্বয় প্রয়োজন। অন্যথায় জ্বালানি ব্যয়, বৈদেশিক মুদ্রার চাপ ও পরিবেশগত ঝুঁকি—সব মিলিয়ে দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা