বিশেষ প্রতিবেদকঃ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে (ইইডি) ঘিরে আবু সাঈদ আকন্দ শিমুলের বিরুদ্ধে উঠেছে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ঠিকাদারি নিয়ন্ত্রণের নানা অভিযোগ। সরকারি চাকরিতে নিয়োজিত থেকেও ঠিকাদারি ব্যবসায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ‘মিস্টার ম্যানেজ’ হিসেবে পরিচিত শিমুলের প্রভাবের কারণে একের পর এক অনিয়মের অভিযোগ উঠলেও তিনি এখনো আছেন বহাল তবিয়তে।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, সরকারি বিধিবিধান উপেক্ষা করে নিজের মতো করে কাজ পরিচালনার অভিযোগ রয়েছে শিমুল আকন্দের বিরুদ্ধে। তাঁর সাবেক কর্মস্থল রংপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অধীনে একাধিক উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি কার্যক্রমে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এসব কাজের বেশ কয়েকটি তিনি নিজের ভাই বাবুল আক্তারের মাধ্যমে বাস্তবায়ন করছেন। বাবুল আক্তার ‘মা কনস্ট্রাকশন’-এর স্বত্বাধিকারী এবং শিমুল আকন্দের আপন ভাই।
বিশ্বস্ত সূত্রের তথ্য মতে, ২০২৪-২০২৫ অর্থবছরে পরিচালন বাজেটের ৭০১৬ কোডের আওতায় কয়েক কোটি টাকার উন্নয়নকাজে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে শিমুল আকন্দের বিরুদ্ধে। এসব কাজ বণ্টনের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সূত্রের তথ্যমতে, রংপুরের কাউনিয়া উপজেলার প্রাণনাথ চর উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজটি ২০২৪-২০২৫ অর্থবছরের পরিচালন বাজেটের ৭০১৬ কোডের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। চারতলা ভবনের ভিত্তির ওপর একতলা ভবন নির্মাণে বরাদ্দের পরিমাণ ১ কোটি ৫০ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
কাগজপত্রে কাজটি বসুন্ধরা হাউজ বিল্ডার্সের নামে থাকলেও বাস্তবে নির্মাণকাজটি শিমুল আকন্দের আপন ভাই বাবুল আক্তার পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। বাবুল আক্তার মা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী।
একই অর্থবছরে কাউনিয়া উপজেলার বল্লভবিশু দাখিল মাদ্রাসার চারতলা ভিত্তিবিশিষ্ট একতলা ভবন নির্মাণের ১ কোটি ৪৫ লাখ টাকার কাজও মা কনস্ট্রাকশন বাস্তবায়ন করছে বলে জানা গেছে। এ প্রকল্পটিও পরিচালন বাজেটের ৭০১৬ কোডের আওতাভুক্ত।
শুধু ভবন নির্মাণ নয়, ২০২৪-২০২৫ অর্থবছরে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহের একাধিক কাজেও মা কনস্ট্রাকশনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
সূত্রের দাবি, রংপুরের কাউনিয়া উপজেলার ধুমের কুঠি হায়দারিয়া উচ্চ বিদ্যালয়, বদরগঞ্জের খিয়ারপাড়া উচ্চ বিদ্যালয় এবং পীরগঞ্জের খেদমতপুর উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফার্নিচার সরবরাহের কাজ করছে প্রতিষ্ঠানটি। এসব কাজের বেশির ভাগই শিমুল আকন্দকে ব্যক্তিগত সুবিধা দেওয়ার উদ্দেশ্যে বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা