খেলাধুলা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। দারুণ খেলে র্যাঙ্কিংয়েও উন্নতি করেছে আফগানরা। অন্যদিকে আরেক ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরেছে ইংল্যান্ড। এতে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে গেছে আফগানিস্তান।
র্যাঙ্কিংয়ে ছয় থেকে আটে নেমেছে ইংল্যান্ড। সাত থেকে ছয়ে উঠেছে শ্রীলঙ্কা। আর এক ধাপ উন্নতি করে সাতে অবস্থান করছে আফগানিস্তান।
আফগানিস্তানের উন্নতি এসেছে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে। শারজায় শুক্রবারের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে আফগানরা।
অন্যদিকে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে প্রথমে স্বাগতিকদের কাছে হারে ইংল্যান্ড। এরপর বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৯ রান করেও আবার হারে তারা। সেই জয়ের সুবাদেই ইংল্যান্ডকে টপকে ছয়ে উঠে এসেছে শ্রীলঙ্কা।
র্যাঙ্কিংয়ে ছয়ে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৫। ৭ নম্বরে উঠে আসা আফগানিস্তানের ৯৪। আর আটে নেমে যাওয়া ইংল্যান্ডের ৯৩। অর্থাৎ মাত্র ২ রেটিং পয়েন্টের মধ্যে আছে তিন দল।
শারজার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা জিম্বাবুয়েরও উন্নতি হয়েছে। দলটির রেটিং পয়েন্ট বেড়েছে ২। ৬৩ রেটিং পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে এখন ১১ নম্বরে। তবে বাংলাদেশ ভালো করতে পারেনি ত্রিদেশীয় সিরিজে, ফলে নেই কোন সুসংবাদ। টুর্নামেন্টে দুই ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। তাতে রেটিং পয়েন্ট কমেছে ২। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৮১। অবশ্য র্যাঙ্কিংয়ে অবস্থানের পরিবর্তন হয়নি। আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। ১০৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নিউজিল্যান্ড। এরপর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (১০৪), পাকিস্তান (১০৩) ও অস্ট্রেলিয়া (১০২)।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা