
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তিন মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। সরবরাহ পর্যাপ্ত থাকা এবং বাজারে চাহিদার তুলনায় তেলের উদ্বৃত্ত তৈরি হওয়ার আশঙ্কায় মঙ্গলবারও দরপতন অব্যাহত রয়েছে।
মঙ্গলবার গ্রিনিচ মান সময় ১টা ৪৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪০ সেন্ট বা দশমিক ৪৫ শতাংশ কমে ৮৮ দশমিক ৯৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৩ সেন্ট বা দশমিক ২৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৯৪ ডলারে দাঁড়ায়।
বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর এটাই সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে, দিনের শুরুর দিকে ডব্লিউটিআইয়ের দাম গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।
তবে তেলের দাম কমলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ কাটেনি। সোমবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, নিষেধাজ্ঞা অমান্যকারী তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০টি জ্বালানি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে চালানো সাইবার হামলায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল ও সরবরাহব্যবস্থা নিয়ে ঝুঁকি অব্যাহত থাকলেও পর্যাপ্ত সরবরাহ এবং বাজারে তেলের সম্ভাব্য উদ্বৃত্তের আশঙ্কা আপাতত দাম কমার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা