উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রীকে

ডেস্ক নিউজঃ উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে মিজানুর রহমানকে ঢাকায় আনা হয়।
মিজানুর রহমানের এপিএস নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত কয়েকদিন ধরেই মন্ত্রী অসুস্থতাবোধ করছিলেন। মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন। এরপর বুধবার সকালে তিনি অসুস্থতা বোধ করলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ইতোমধ্যেই কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তিনি নিজের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে দেশে ফেরেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল থেকে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। পরে রক্তশূন্যতা হওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। এখন ঢাকার বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হলো তাকে।
এদিন সন্ধ্যায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তায়ালা যাতে আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে যেন জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’
এদিকে ভূমিমন্ত্রীর অসুস্থতার খবরে তাকে হাসপাতালে দেখতে ছুটে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, স্বাস্থ্য সচিব আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ বিএনপির নেতৃবৃন্দ।
