ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মিষ্টি নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে জয়ের আনন্দ ভাগ করে নিতে মিষ্টি নিয়ে প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী দেলাওয়ারের বাসায় গেলেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জেলা শহরের হাজীপাড়ায় অবস্থিত দেলাওয়ারের বাসায় গিয়ে এলাকার উন্নয়নে সহযোগিতা চান ফয়সল আমীন। পরে কুশল বিনিময় করে একে অপরের মুখে মিষ্টি তুলে দেন।
এরআগে, প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ারের বাসায় প্রবেশ করেই মির্জা ফয়সল আমীন হাত চেপে ধরে বলেন, এই জেলার মানুষের জন্য দুজনকেই কাজ করতে হবে। এমপির ছায়া হিসেবে রাখতে চাই, চাই সহযোগিতা। কারণ নির্বাচনের আগে উভয়েই ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছি।
এ সময় জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, অবশ্যই একে একে সহযোগিতা করবো। তবে ভোট শেষ হয়েছে, এবার যেন বিরোধীদের ওপর নির্যাতন-নিপীড়ন না হয়।
পরে স্থানীয় সমস্যা সমাধানে সহযোগিতার পাশাপাশি ঠাকুরগাঁওকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
গতকাল ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। আর জামায়াতের দেলাওয়ার হোসেন ৯৬ হাজার ৫১৩ ভোট পেয়ে পরাজিত হন।
