ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম, আজ বিক্রি হবে ২ লাখ ১ হাজার টাকায়

অর্থনীতি ডেস্কঃ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। সে হিসাবে আজ রোববারও একই দামে বিক্রি হবে স্বর্ণালঙ্কার।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গহনার নকশা অনুযায়ী মজুরি যোগ হবে। তবে স্বর্ণ ও রুপার অলঙ্কার বিক্রির নির্ধারিত মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো গহনা বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এ দুই প্রক্রিয়ায় আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *