গঙ্গার পানি চুক্তি নিয়ে দু’বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে দুই দফায় চিঠি পাঠিয়েও ভারতের কাছ থেকে কোনো সাড়া পায়নি বাংলাদেশ। আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তি নবায়ন ও নতুন চুক্তির বিষয়ে আলোচনার উদ্যোগ নিতে ভারতকে চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতের কাছে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে দুটি চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। তিনি নিজেও ব্যক্তিগতভাবে ভারতকে চিঠি পাঠিয়েছেন। তবে সেই চিঠিরও কোনো উত্তর মেলেনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে এই সম্পর্ক কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে নয়, বরং বাংলাদেশের সামগ্রিক জনগণের সঙ্গে হওয়া উচিত। ভারত বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে গঙ্গার পানি বণ্টন সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে প্রত্যাশা করেন তিনি।

ভারতের হাইকমিশনারের সঙ্গে এ বিষয়ে আলোচনার কথাও জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে এবং তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি পাওয়া যায়নি।

এদিকে, ভারতের জবাবের অপেক্ষায় বসে না থেকে দেশের পানি সংরক্ষণ ও কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান মন্ত্রী। এর অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলছে। পাশাপাশি পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে বর্ষা মৌসুমের পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষি ও অন্যান্য প্রয়োজনে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা ও অবন্ধুত্বপূর্ণ আচরণ বন্ধ হওয়া প্রয়োজন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানির প্রবাহ নির্দিষ্ট সূত্র অনুসারে দুই দেশের মধ্যে বণ্টন করা হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে নতুন চুক্তি বা নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও সমঝোতা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *