বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

বিনোদন ডেস্কঃ পৈতৃক নিবাস ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবা আতাউর রহমান খানের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন।

জানাজা শুরুর আগে পরিবারের সদস্যরা উপস্থিত সবার কাছে সোহেল খানের জন্য দোয়া চান। একই সঙ্গে তার কাছে কারো কোনো দেনা-পাওনা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তারা।

এর আগে, মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

অভিনেতার মৃত্যুর কারণে বন্ধ রাখা হয়েছে ‘নসীব’ সিনেমার শুটিং। গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু হয় সোহেল খানের। এরপর ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা : দ্য লিডার’, ‘কেমনে কী!’, ‘প্রিয় কমলা’, ‘শান’ ও ‘জংলি’।

সর্বশেষ, ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমাতেও অভিনয় করেছেন সোহেল খান। সেখানে তাকে দেখা গেছে একটি গ্যারেজের মালিকের চরিত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *