মার্কিন নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোট দিয়েছেন পোপ লিও চতুর্দশ। এর মধ্য দিয়ে দেশটির নির্বাচনে ভোট দেওয়া প্রথম পোপ হিসেবে ইতিহাসে নাম লেখালেন তিনি।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শিকাগোতে ডাকযোগে ব্যালট পাঠিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন পোপ। শুক্রবার (৩০ অক্টোবর) ভ্যাটিকান তার ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। নাগরিক দায়িত্ব পালনের দীর্ঘদিনের বিশ্বাস থেকেই ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই তিনি ভোট দিয়েছেন বলে জানানো হয়েছে।
ভ্যাটিকানের প্রেস অফিসের বিবৃতিতে বলা হয়, আগে রবার্ট প্রিভোস্ট নামে পরিচিত পোপ লিও একজন মার্কিন নাগরিক হিসেবে নির্বাচনে ভোট দিয়েছেন। তবে তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ভ্যাটিকান।
শিকাগোতে জন্ম নেওয়া পোপ লিও ইতিহাসের প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ। শিকাগো সান-টাইমসের প্রতিবেদনে উইল কাউন্টি ক্লার্কের কার্যালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, জন্মসূত্রে পাওয়া নাম রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট পরিচয়ে ইলিনয় অঙ্গরাজ্যে ভোটার হিসেবে নিবন্ধিত তিনি। গত ৩ অক্টোবর ভোট দেওয়ার জন্য ব্যালটের আবেদনও করেছিলেন।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি পেরুর নাগরিকত্বও রয়েছে পোপ লিওর। দেশটিতে তিনি ২০ বছরের বেশি সময় যাজক ও বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ভ্যাটিকানের নাগরিক হিসেবে তিনি বর্তমানে সেখানকার রাষ্ট্রপ্রধানের দায়িত্বে রয়েছেন।
মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, বিদেশে বসবাসরত দেশটির নাগরিকেরা অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে নির্বাচনে ভোট দিতে পারেন। এমনকি বিদেশি সরকারের হয়ে কাজ করা মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও এ সুযোগ প্রযোজ্য।
