সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

আবহাওয়া প্রতিবেদকঃ দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আগামী ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে রবিবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *