স্ত্রী-কন্যাকে নিয়ে বেহালা প্লেয়ার্স কর্নারের পুজোয় সৌরভ, দিলেন সতর্কবার্তা

খেলাধুলা ডেস্কঃ মহা অষ্টমীতে নিজের পাড়ার দুর্গাপূজার মন্ডপে হাজির হন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দক্ষিণ কলকাতার বেহালা প্লেয়ার্স কর্নারের দুর্গাপূজায় স্ত্রী ডোনা গাঙ্গুলি ও মেয়ে সানা গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন তিনি।

মণ্ডপে অষ্টমীর সন্ধিপূজায় অংশ নেন সৌরভ। ঠাকুরের সামনে প্রণাম করে আশীর্বাদ নেন। সৌরভকে কাছে পেয়ে ক্লাব কর্মকর্তাদেরও খুশি দেখা যায়।

সৌরভ বলেন, ‘এ বছর বাইরে বেরিয়ে পূজা দেখা হয়নি। পুজোর বাকি দিনগুলো নিজের বাড়িতেই থাকি। সময় পেলে নিজের পাড়ার পূজায় উপস্থিত থাকব।’

প্রতিমা দর্শনে গিয়ে চোর বাগানের মর্মান্তিক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু নিয়ে গভীর দুঃখপ্রকাশ করেন সৌরভ। পূজার ভিড়ে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। ভিড়ের মধ্যে সাবধানে ও সতর্কতার সঙ্গে প্রতিমা দেখার পরামর্শ দেন।

অন্যদিকে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি বলেন, ‘পূজায় যাতে সবাই ভালোভাবে সময় কাটায় সেই প্রার্থনা করব। ওপরওয়ালার কাছে আমি প্রার্থনা করব যে, সকলে যেন সুস্থ ও নিরাপদে থাকেন। চলতি বছরটা যাতে সবার ভালো কাটে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *