মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

মার্কেট ও দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, আজকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে এখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং সপ্তাহে তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। যাতে শীতকালীন ব্যবসাটা আমরা যথাযথভাবে করতে পারি।
মো. হেলাল উদ্দিন আরও জানান, আমরা যারা সোলার প্যানেল স্থাপন করতে চাই তাদের ৫% সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে। এছাড়া সভায় আমরা বলেছি দেশে ইতোমধ্যে কোনো লোডশেডিং নেই, কিন্তু দিনে ৩ থেকে ৫ বার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে এতবার বিদ্যুৎবিভ্রাট হয় না। সরকার বলেছে বিদ্যুৎ বিভ্রাট কমিয়ে আনবে।
