ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু

বিনোদন ডেস্ক : অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ইতালির সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী— এ তদন্তের বিষয়ে বাংলাদেশ দূতাবাসকেও অবহিত করা হয়েছে। ঘটনার শুরু থেকেই দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে বাঁধনের ওপর হামলার ঘটনা দুই দেশেই কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার জন্ম দেয়। একপর্যায়ে বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদেও উত্থাপিত হয়।

গত সেপ্টেম্বরে এক সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। সেদিন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হরাইজনস বিভাগে প্রদর্শিত হয়।

প্রদর্শনী শেষে লিডো থেকে মূল ভূখণ্ডে ফেরেন বাঁধন। পরে সেখানে ভাই, ভাবি ও ছোট্ট ভাগনেকে নিয়ে রাতের খাবার খেতে বের হন অভিনেত্রী।

এ সময় ভিয়া রিজার্দি সড়কে প্রায় ১০ জন বাংলাদেশি তাদের ঘিরে ধরেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বাঁধনকে হুমকি ও গালিগালাজ করেন। তাকে উদ্দেশ করে নারীবিদ্বেষী মন্তব্যও করা হয়।

একপর্যায়ে তার দিকে ডিম ছুড়ে মারা হয় এবং শরীরে কোকাকোলা ও পানি ঢেলে দেওয়া হয়। তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেটি দিয়েও আঘাত করা হয়।

একপর্যায়ে হামলাকারীদের একজন বাঁধনের গালে চড় মারেন। এতে তার চশমা মাটিতে পড়ে যায়।

এ সময় অভিনেত্রীর ভাই ও ভাবি তাকে রক্ষা করতে চেষ্টা করেন। অন্যদিকে, হামলাকারীদের কয়েকজন নিজেদের মোবাইল ফোনে পুরো ঘটনা ধারণ করেন।

ওই ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন। হামলাকারীদের শনাক্ত করতে সহায়তার জন্য নিজেও ঘটনার কিছু ভিডিও ধারণ করে রাখেন তিনি। পরে হামলা ও হেনস্তার কয়েকটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী।

তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরুর মধ্য দিয়ে ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *