কঙ্গোতে ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানি ছাড়াল ৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে এ পর্যন্ত এ রোগে ৬ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার ২৫৪। দেশটির আটটি প্রদেশে ছড়িয়ে পড়েছে সংক্রমণ।
শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বার্তা সংস্থা এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের ১৫ মে ডিআর কঙ্গোতে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ ইবোলা সংক্রমণ। এবারের সংক্রমণের জন্য দায়ী বান্দিবুগিও প্রজাতির ভাইরাস। এই ভাইরাসের বিরুদ্ধে এখনো অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই।
দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি ও উত্তর কিভু প্রদেশে সংক্রমণের প্রকোপ সবচেয়ে বেশি। এসব এলাকায় দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত চলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। চিকিৎসা সরঞ্জাম পৌঁছানো এবং আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অর্থসংকট, চিকিৎসাকেন্দ্রের প্রতি মানুষের অনাস্থা এবং নিরাপত্তাহীনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক রোগী দেরিতে হাসপাতালে আসছেন, আবার কেউ কেউ চিকিৎসা নিতেও অনীহা দেখাচ্ছেন।
বর্তমানে এ রোগে মৃত্যুর হার প্রায় ৪৯ শতাংশ। আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (আফ্রিকা সিডিসি) তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৬০ শতাংশের বেশি মানুষের মৃত্যু হচ্ছে চিকিৎসাকেন্দ্রের বাইরে। ফলে সংক্রমণ শনাক্ত ও নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে পড়ছে।
এদিকে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে রয়টার্স জানিয়েছে, দেশটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুটি এলাকায় সরকারি হিসাবে মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করা হয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি হতে পারে।
বিশ্বে ইবোলার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব ঘটেছিল ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে পশ্চিম আফ্রিকায়। ওই সময় গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ২৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হন এবং ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। সেই প্রাদুর্ভাবের পর বিশ্বে প্রাণঘাতী ইবোলা সংক্রমণের অন্যতম ভয়াবহ ঘটনায় পরিণত হয়েছে কঙ্গোর বর্তমান পরিস্থিতি।
