নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। শনিবার সন্ধ্যায় খুলনায় মালিক-শ্রমিকদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
এর আগে, গোপালগঞ্জ ও বাগেরহাটে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে শনিবার বিকেল থেকেই খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
জানা গেছে, ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহনসহ জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথে বাস চলাচল অব্যাহত থাকবে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলাচল করবে না।
