বিসিসিআইয়ের প্রধান হতে আবেদনই করেননি পার্থিব প্যাটেল

খেলাধুলা ডেস্কঃ বেশ কয়েক দিন ধরে ভারতের পরবর্তী নির্বাচক কমিটির প্রধান হিসেবে পার্থিব প্যাটেলের নিয়োগ প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছিল। আগারকার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার আগেই গুরুত্বপূর্ণ এই পদে পার্থিব প্যাটেলের আসার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল।

তবে বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিজেও এই দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন। গুজরাট টাইটানসের কোচ হিসেবে কর্মরত পার্থিব প্যাটেল ‘ওয়েস্ট জোন’ (পশ্চিম অঞ্চল) থেকে নির্বাচক হওয়ার জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনই জমা দেননি। অথচ আগারকারের উত্তরসূরি হিসেবে তিনিই ছিলেন সবচেয়ে এগিয়ে। তার আবেদন না করার বিষয়টি অনেককেই অবাক করেছে।

এখন শোনা যাচ্ছে, অজিত আগারকারের জায়গায় বিসিসিআই-এর প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ওয়াসিম জাফর। জানা গেছে, বিসিসিআই-এর প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পার্থিব প্যাটেলকে আকৃষ্ট করতে পারেনি। ‘দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, ‘কিছু আর্থিক বিষয়’ তার এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছে।

বিসিসিআই তাকে বছরে ৩ কোটি টাকা বেতনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু এই দায়িত্ব গ্রহণ করলে গুজরাট টাইটানসের কোচিং ভূমিকা এবং ধারাভাষ্যকার হিসেবে তার যে আয় হয়, তা থেকে তাকে বঞ্চিত হতে হতো। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, প্রধান নির্বাচকের দায়িত্ব নিলে তিনি গুজরাট টাইটানসের সহকারী কোচ বা ব্যাটিং কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে পারতেন না, এমনকি ধারাভাষ্যকার হিসেবেও কাজ করতে পারতেন না।

পার্থিব প্যাটেল গুজরাট টাইটানসের কোচিং এবং ধারাভাষ্যকার হিসেবে বছরে প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা আয় করেন। ফলে বিসিসিআই-এর প্রস্তাব গ্রহণ করলে তাকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো। আর ঠিক এই কারণেই তিনি ভারতের নির্বাচক কমিটির প্রধান হওয়ার সুযোগটি হাতছাড়া করেছেন। বর্তমানে সাউথ জোন (দক্ষিণ অঞ্চল) থেকে আসা নির্বাচক প্রজ্ঞান ওঝা নির্বাচক প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। খুব শিগগিরে ওয়েস্ট জোন থেকে নতুন একজন নির্বাচক প্যানেলে যুক্ত হতে পারেন। এক্ষেত্রে সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর এবং রমেশ পাওয়ারের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। এরই মধ্যে বিসিসিআই নির্বাচক পদের প্রার্থীদের রোহিত শর্মার ভবিষ্যৎ এবং বৈভব সূর্যবংশীর পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

এদিকে ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বিসিসিআই-এর নির্বাচকদের দেওয়া বেতন নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, বর্তমান পারিশ্রমিক যথেষ্ট আকর্ষণীয় নয়, যা সাবেক শীর্ষস্থানীয় ক্রিকেটারদের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসতে পারে।

এই সাবেক অলরাউন্ডারের মতে, ভারত দলের নির্বাচক প্রক্রিয়ার দায়িত্বে অভিজ্ঞ ব্যক্তিদের আনতে হলে বোর্ডকে আরও ভালো আর্থিক সুবিধা দিতে হবে। অশ্বিনের ধারণা, প্রধান নির্বাচকের পারিশ্রমিক ভারতীয় পুরুষ দলের প্রধান কোচের বেতনের সমতুল্য হওয়া উচিত। অশ্বিনের বিশ্বাস, ভালো পারিশ্রমিক দেওয়া হলে সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলের মতো কিংবদন্তি ক্রিকেটারদের নির্বাচক পদের জন্য আকৃষ্ট করা সম্ভব হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *