সমিতির নির্বাচন, অডিট ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ: সমবায় অধিদপ্তরের কথিত সিন্ডিকেটে যাদের নাম

বিশেষ প্রতিবেদকঃ সমবায় অধিদপ্তরের নিবন্ধন, সমিতি পরিচালনা, নির্বাচন, নিরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ঘিরে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) মো. নবীরুল ইসলাম। তাকে ঘিরে একটি প্রভাবশালী কর্মকর্তা-কর্মচারী সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ করেছেন অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ও ভুক্তভোগী সমিতির প্রতিনিধিরা। তাদের দাবি, বদলি-পদায়ন, পদোন্নতি, সমিতির নিবন্ধন, নির্বাচন, অডিট এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে অর্থ লেনদেনের মাধ্যমে একটি চক্র দীর্ঘদিন ধরে কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। এই চক্রের বিরুদ্ধে শত কোটি টাকার অনিয়ম ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও উঠেছে।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ২০তম বিসিএসের মাধ্যমে সমবায় অধিদপ্তরে যোগ দেওয়া নবীরুল ইসলামের চাকরিতে প্রবেশের সময় থেকেই নানা প্রশ্ন রয়েছে। অভিযোগ করা হয়েছে, তিনি মুক্তিযোদ্ধা সন্তান কোটার সুবিধা নিতে তার বাবা মৃত মো. সহিদুল ইসলামকে মুক্তিযোদ্ধা হিসেবে দেখিয়ে চাকরি গ্রহণ করেন। এ ছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) কর্মরত থাকার সময় এক কর্মকর্তার সহযোগিতায় বিসিএস পরীক্ষায় অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
চাকরিতে নিয়োগসংক্রান্ত অভিযোগের বিষয়ে ২০০১ সালের ১২ ডিসেম্বর রাজধানীর কাফরুল থানায় ২৪ নম্বর মামলা দায়েরের তথ্য উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের আওতায় আসে বলে অভিযোগে বলা হয়েছে। দুদকের অভিযোগের ভিত্তিতে ২০০২ সালের ১৫ জুন নবীরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল বলেও উল্লেখ রয়েছে। তবে পরবর্তী সময়ে প্রভাব খাটিয়ে তিনি দায়মুক্তি পান বলে অভিযোগকারীদের দাবি।
নবীরুল ইসলামের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, ২০১১ সালে সিরাজগঞ্জে উপ-নিবন্ধক হিসেবে দায়িত্ব পালনকালে সিরাজগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ছয় শতক জমি বিক্রির ঘটনায় আর্থিক অনিয়মের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। অভিযোগকারীদের বক্তব্য, ওই বিভাগীয় মামলার তথ্য গোপন রেখেই পরবর্তী সময়ে তিনি পদোন্নতি গ্রহণ করেন। একইভাবে ২০১২ সালে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে দায়িত্ব পালনকালে বন্ধক রাখা জমিতে অবৈধ স্থাপনা নির্মাণে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এতে সমবায় প্রতিষ্ঠানের সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল বলে অভিযোগকারীরা দাবি করেছেন। ওই সময় তৎকালীন বিভাগীয় যুগ্ম নিবন্ধক বাধা দিলে তাকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আত্মীয় পরিচয় ব্যবহার করে নবীরুল ইসলাম অধিদপ্তরে প্রভাব বিস্তার করতেন। এই প্রভাব কাজে লাগিয়ে বদলি বাণিজ্য, পদোন্নতি বাণিজ্য, ঘুষ গ্রহণ এবং সমিতির লাইসেন্সসংক্রান্ত কার্যক্রমে একটি নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে অতিরিক্ত নিবন্ধক হিসেবে পদোন্নতি পেয়েছেন বলে অভিযোগকারীরা প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, বিভিন্ন অভিযোগ ও তদন্তের তথ্য থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
নবীরুল ইসলামকে ঘিরে কথিত এই সিন্ডিকেটের সদস্য হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নামও উল্লেখ করেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বদলি এবং পদায়নের ভয় দেখিয়ে তিনি অর্থ আদায় করতেন। বিশেষ করে পছন্দের কর্মস্থলে পদায়ন কিংবা বদলি ঠেকানোর বিষয়ে বিভিন্ন পর্যায়ে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কর্ণফুলী গার্ডেন সিটির নির্বাচন ঘিরে ঘুষের অভিযোগ
সমবায় অধিদপ্তরের সাবেক জেলা সমবায় কর্মকর্তা তহমিদুজ্জামানের বিরুদ্ধে কর্ণফুলী গার্ডেন সিটি অ্যাপার্টমেন্ট মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী একাধিক প্রার্থীর কাছ থেকে নির্বাচনে বিজয়ী করে দেওয়ার আশ্বাস দিয়ে আলাদাভাবে টাকা নেওয়া হয়েছিল। এ ঘটনায় এক ভুক্তভোগী ব্যবসায়ী দুদকের কাছে ফাঁদ মামলা পরিচালনার আবেদন করেন বলেও উল্লেখ রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ১৬ জুন বাংলামোটরে ওই ব্যবসায়ীর কার্যালয়ে ঘুষের টাকা নিতে গেলে সমবায় অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান আলী, সহকারী পরিদর্শক শাখাওয়াত হোসেন এবং মনির হোসেন পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে এ ঘটনায় মামলা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কারাভোগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে তহমিদুজ্জামানের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের আরও দাবি, নবীরুল ইসলাম তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তহমিদুজ্জামানকে বিভাগীয় দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছেন এবং তাকে আবারও ঢাকায় ফিরিয়ে আনার জন্য তদবির চালাচ্ছেন।
২২ সমিতির কাছ থেকে ১০ কোটি টাকা আদায়ের অভিযোগ শিহাবের বিরুদ্ধে
ঢাকার জেলা সমবায় কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদের বিরুদ্ধে প্রায় ২২টি সমবায় সমিতির কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১০ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হিসেবে পরিচয় দেওয়া সমিতিগুলোর প্রতিনিধিরা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগের পর তদন্তের নির্দেশ দেওয়া হলেও প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।
এ ঘটনায় ১ নম্বর মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আলমাস হোসেন তুহিন শেরেবাংলা নগর থানায় সিআর মামলা নম্বর ১৯৩/২০২৩ দায়ের করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগকারীদের দাবি, সমিতির প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সিদ্ধান্তকে কেন্দ্র করে অর্থ আদায়ের ঘটনা ঘটেছে। তবে প্রায় ১০ কোটি টাকা আদায়ের অভিযোগের বিষয়ে প্রকৃত আর্থিক লেনদেন ও মামলার বর্তমান অবস্থা যাচাই করা জরুরি।
২০ লাখ টাকা ঘুষ ও মার্কেট দখলের চুক্তির অভিযোগ সাদ্দামের বিরুদ্ধে
নবীরুল ইসলামের কথিত সিন্ডিকেটের আরেক সদস্য হিসেবে জেলা সমবায় কর্মকর্তা সাদ্দামের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তার বাড়ি গোপালগঞ্জ হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তিনি অধিদপ্তরে প্রভাব বিস্তার করতেন। ১ নম্বর মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ নির্বাচন বাতিল করে প্রায় সাত মাস কমিটিশূন্য রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, সমিতির নির্বাচন বাতিলের পর বহিরাগত নয়জনকে অবৈধভাবে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে তিনি ২০ লাখ টাকা ঘুষ নেন। এ ছাড়া সমিতির মালিকানাধীন মুক্তিপ্লাজা শপিং কমপ্লেক্সের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় সদস্যদের নামে বরাদ্দ করা দোকান ভেঙে সেখানে আবাসিক হোটেল নির্মাণের পরিকল্পনায় ভূমিদখলকারী একটি চক্রকে সহযোগিতা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ উদ্দেশ্যে ৫০ লাখ টাকার একটি চুক্তি করা হয়েছিল বলে অভিযোগকারীরা দাবি করেছেন। চুক্তির অগ্রিম হিসেবে ২৫ লাখ টাকা গ্রহণ করে তিনি ওই অর্থের একটি অংশ নিজের কাজে ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি স্ত্রীর চিকিৎসার কথা বলে থাইল্যান্ড ভ্রমণের অভিযোগও সামনে এসেছে।
ফরহাদ হোসেনের বিরুদ্ধে নির্বাচন ও আর্থিক অনিয়মের অভিযোগ
থানা সমবায় কর্মকর্তা ফরহাদ হোসেনের বিরুদ্ধেও বিভিন্ন সমিতির নির্বাচন ও আর্থিক কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ছাত্রলীগের সাবেক নেতা পরিচয় ব্যবহার করে বিগত সরকারের সময় তিনি অধিদপ্তরে প্রভাব বিস্তার করতেন। কর্ণফুলী গার্ডেন সিটি অ্যাপার্টমেন্ট মালিক সমিতির নির্বাচন এবং ম্যাক্সিম ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কার্যক্রমকে কেন্দ্র করে অর্থ আদায় ও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় কারা অর্থ দিয়েছেন, কত টাকা লেনদেন হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা কী ছিল, তা তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
আলাউদ্দিন মোল্লার বিরুদ্ধে পোস্টিং বাণিজ্য ও সম্পদ অর্জনের অভিযোগ
মেট্রোপলিটন থানা সমবায় কর্মকর্তা আলাউদ্দিন মোল্লার বিরুদ্ধেও দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, রমনা এলাকায় দায়িত্ব পালনকালে রাজউক, ওয়াসা এবং বিভিন্ন সমবায় সমিতিকে কেন্দ্র করে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে সুবিধা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে শত কোটি টাকার বাণিজ্যের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন। গুলশানসহ বিভিন্ন এলাকায় ফ্ল্যাট এবং বসিলায় জমি কেনার মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে। রমনা থেকে বদলি হওয়ার পর অর্থের বিনিময়ে লালবাগ মেট্রোপলিটন থানা এলাকায় পদায়ন নেওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সূত্রাপুর, মিরপুর ও গুলশান এলাকার বিভিন্ন পদায়ন ও প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে লাখ লাখ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগও উঠেছে। বিগত সরকারের সময় নজরুল ইসলাম বাবুর প্রভাব কাজে লাগিয়ে ঢাকা জেলায় দায়িত্ব পালন করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অডিটে অনিয়মের অভিযোগ পরিদর্শক তাসকেরা সুলতানার বিরুদ্ধে
সমবায় অধিদপ্তরের পরিদর্শক তাসকেরা সুলতানার বিরুদ্ধে বিভিন্ন সমবায় সমিতির নিরীক্ষা কার্যক্রমে অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট সমিতিতে সরেজমিনে না গিয়েই অফিসে বসে অডিট প্রতিবেদন তৈরি করা হয়। অর্থের বিনিময়ে এ ধরনের টেবিল অডিটের মাধ্যমে সমিতির প্রকৃত আর্থিক অবস্থা আড়াল করা এবং ভুল বা ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে। নিয়মিত পরিদর্শনের দায়িত্ব থাকা সত্ত্বেও কিছু অনিয়মকারী ও কাগুজে সমিতিকে সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বিভাগীয় মামলা ও পদোন্নতি নিয়ে প্রশ্ন ইলিয়াস শিকদারকে ঘিরে
মো. ইলিয়াস শিকদার আগে ঢাকা জেলা সমবায় কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভাগীয় মামলা হয়েছিল এবং পদোন্নতি আটকে ছিল বলে অভিযোগকারীরা জানিয়েছেন। পরবর্তী সময়ে পদোন্নতি নিয়ে আবারও ঢাকা জেলায় পদায়ন পাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, নিজেকে সাবেক সমবায়মন্ত্রী ফরহাদ হোসেনের ভাগনে পরিচয় দিয়ে তিনি অধিদপ্তরে প্রভাব বিস্তার করতেন। বর্তমানে বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে তার ভূমিকা এবং কথিত ‘মব’ কার্যক্রমে সম্পৃক্ততা নিয়েও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
নাসির উদ্দিন ও রোকেয়া ববিকে ঘিরে নতুন অভিযোগ
নাসির উদ্দিনের বিরুদ্ধে শাহআলী ও মিরপুর থানায় দায়িত্ব পালনকালে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিগত সরকারের সময় এসব এলাকায় দায়িত্ব পালনের পর তিনি আবারও শাহআলী থানায় পদায়ন পেয়েছেন। অভিযোগকারীদের আরও দাবি, তিনি নিজেকে সাবেক আইনমন্ত্রীর চাচাতো ভাই পরিচয় দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রভাবশালী যোগাযোগ বজায় রাখেন এবং এর মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক সুবিধা আদায় করেন।
তার দপ্তরের নারী ডেস্ক কর্মকর্তা রোকেয়া ববির বিরুদ্ধেও রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ তুলেছেন কয়েকজন অভিযোগকারী। তাদের দাবি, সম্প্রতি নরসিংদীতে তার বদলির আদেশ হলেও সেটি কার্যকর হয়নি। ফলে বদলির আদেশ থাকা সত্ত্বেও তিনি আগের কর্মস্থলে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে।
আব্দুস শুক্কুরের বিরুদ্ধে রাজনৈতিক সুপারিশে পদায়নের অভিযোগ
আব্দুস শুক্কুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শেখ হেলালের রাজনৈতিক সুপারিশে তিনি ঢাকা জেলা সমবায় কার্যালয়ে চাকরি ও পদায়নের সুযোগ পান। পরবর্তী সময়ে বিভিন্ন সমবায় সমিতির কার্যক্রমে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় তাকে ঢাকা থেকে বদলি করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর আবারও ঢাকায় পদায়ন পাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া ঢাকায় অবস্থান করে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি এবং কথিত ‘মব’ কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগও উঠেছে।
তোফায়েলের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও চাঁদা আদায়ের অভিযোগ
সমবায় অধিদপ্তরের পরিদর্শক তোফায়েলের বিরুদ্ধে বিগত সরকারের সময় রাজনৈতিক সুপারিশে তেজগাঁও এলাকায় পদায়ন পাওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী সেলিমের সুপারিশে তিনি সেখানে দায়িত্ব পান। পরবর্তী সময়ে মাঠপর্যায়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে ঢাকা থেকে বদলি করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং সাময়িক বরখাস্তের আদেশও হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, সরকার পরিবর্তনের পর তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে প্রভাব খাটিয়ে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করান এবং নারায়ণগঞ্জে পদায়ন পান। কিন্তু সেখানে নিয়মিত দায়িত্ব পালন না করে ঢাকায় অবস্থান করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি কথিত প্রভাব বিস্তার, বিভিন্ন ব্যক্তিকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি এবং চাঁদা আদায়ের অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।
সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ
এদিকে নবীরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি তিন প্রতিবেদকের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। একই সঙ্গে তার কথিত সিন্ডিকেটের সদস্য হিসেবে উল্লেখ করা ইলিয়াস শিকদারসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
সমবায় অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ও নিজেদের ভুক্তভোগী দাবি করা ব্যক্তিদের মতে, দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে অনিয়ম চললেও কার্যকর জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না। তাদের দাবি, অতিরিক্ত নিবন্ধক মো. নবীরুল ইসলামসহ যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের দায়িত্বকালীন আর্থিক লেনদেন, বদলি ও পদায়নের নথি, সমিতির নিবন্ধন, নির্বাচন, অডিট প্রতিবেদন এবং বিভাগীয় মামলাগুলো পুনরায় যাচাই করা হোক।
সমবায় অধিদপ্তর দেশের লাখ লাখ সমবায়ীর আর্থিক কার্যক্রম ও সাংগঠনিক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। এ প্রতিষ্ঠানে ঘুষ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার হলে সাধারণ সমবায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন সমিতির সদস্যরা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে সমিতির নির্বাচন নিয়ন্ত্রণ, অবৈধ সদস্য অন্তর্ভুক্তি, অডিটে জালিয়াতি এবং প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
অভিযোগকারীরা দুর্নীতি দমন কমিশন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, শুধু ব্যক্তিবিশেষের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, অধিদপ্তরের বদলি, পদোন্নতি, নিবন্ধন, নির্বাচন ও নিরীক্ষা কার্যক্রমে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কথিত সিন্ডিকেটের আর্থিক ও প্রশাসনিক নেটওয়ার্কও খতিয়ে দেখতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
