ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, নানা অনিয়ম

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ পাঁচ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কুমিল্লা অঞ্চলের কর্মকর্তারা।
রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুদকের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
অনুসন্ধান কালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ফার্মেসি, মেডিসিন স্টোর, প্যাথলজি বিভাগের স্টোর, এবং চিকিৎসকদের দায়িত্ব ও কর্তব্য পালনকালে হাজিরার অবহেলার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়।
প্রাথমিক তদন্তে প্যাথলজি স্টোরে হেপাটাইটিস বি রোগীর শারীরিক অবস্থা নির্ণয়ের জন্য পরীক্ষণের কিট বা রিএজেন্ট ১২৫০ থাকার কথা থাকলেও পাওয়া গেছে মাত্র ৩৯২টি। এছাড়া ৮৫৮ কিটের হিসেব দিতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সংশ্লিষ্ট প্যাথলজিস্ট মো.রেজাউল করিম। দুদকের তদন্তে গরমিলের বিষয়টি স্পষ্টতই ধরা পরে।
এছাড়া হাসপাতালের বেশিরভাগ চিকিৎসক হাসপাতালে আসা-যাওয়ার হাজিরার ক্ষেত্রে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেয়ার কথা থাকলেও সেগুলো তারা তা মানছেন না। তদন্তকালে এসব বিষয় উঠে আসে।
দুদকের কর্মকর্তারা জানান, হাসপাতালে তত্ত্বাবধায়কের সাথে বৈঠক করে অনিয়মের বিষয়গুলো তুলে ধরা হয়। হাসপাতালে তত্ত্বাবধায়ক গুরুতর অনিয়ম হিসেবে অভিযোগ গুলো স্বীকার করেন বলে জানান দুদক কর্মকর্তারা। তারা আরো জানান, এসব দুর্নীতি অনিয়মের বিষয়ে দুদক কমিশনার বরাবর প্রতিবেদন পাঠানো হবে।
