ব্যাটিং ব্যর্থতা কাটাতে ‘গেম সেন্স’ বাড়ানোর কাজ করছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা যেন বাংলাদেশ ক্রিকেট দলের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। চাপের মুখে দ্রুত উইকেট হারানো, পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারা এবং ৫০ ওভার ব্যাটিং করতে না পারার মতো সমস্যায় ভুগছে দল। এসব দুর্বলতা কাটিয়ে উঠতে ক্রিকেটারদের গেম সেন্স ও ম্যাচ পরিস্থিতি বোঝার দক্ষতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর ঘরে-বাইরে মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ। এশিয়ান গেমস ক্রিকেটেও ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি লিটন দাসের দল। এ সময়ে দুটি টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচই শেষ হয়েছে আড়াই দিনের মধ্যে। এ ছাড়া ২০২৬ সালে ওয়ানডেতে পাঁচবার ৫০ ওভার পূর্ণ হওয়ার আগেই অলআউট হয়েছে দল।
ব্যাটারদের এমন ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদও। সংবাদ সম্মেলনে তিনি জানান, চাপের মুখে ব্যাটিং ধসে পড়ার বিষয়টি নিয়ে কাজ করছেন তাঁরা।
তাসকিন বলেন, ‘সেটা নিয়ে অবশ্যই কাজ হচ্ছে। গত বেশ কিছু ম্যাচে চাপের মুখে আমাদের ধস নেমেছে। কয়েকটা ম্যাচে ৫০ ওভার ব্যাটিংও করা হয়নি। সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। আশা করি, দ্রুত মাঠে এগুলোর প্রতিফলন আসবে ইনশা আল্লাহ।’
ব্যাটারদের ব্যক্তিগত ব্যর্থতা নিয়েও কথা বলেছেন তাসকিন। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তদের ব্যাটে প্রত্যাশিত রান নেই। টেস্টে ভালো করলেও সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক হতে পারছেন না লিটন দাস। ওয়ানডেতে এরই মধ্যে ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।
তাসকিনের মতে, কোনো ব্যাটারই ইচ্ছা করে ব্যর্থ হন না। নিজেদের ভুল শুধরে নিতে সবাই কাজ করছেন। তিনি বলেন, ‘যারা মূলত ব্যাটার, তারাও তো কেউ ইচ্ছা করে ব্যর্থ হতে চায় না। যখন ব্যর্থ হয়েছে, কাজ করে যাচ্ছে। আশা করি, এই সিরিজ থেকে ভালো করা শুরু হবে ইনশা আল্লাহ। গেম প্ল্যান, গেম অ্যাওয়ারনেস ঠিক রেখে কীভাবে জেতা যায়, সেভাবেই সবাই প্রস্তুত হচ্ছি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ সামনে রেখে তিন স্পিনার ও চার পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে রয়েছেন তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। পেস আক্রমণে তাসকিনের সঙ্গী মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।
ইস্ট লন্ডনে অনুশীলনের অভিজ্ঞতা জানিয়ে তাসকিন বলেন, অনুশীলনে উইকেটে বল বেশ গ্রিপ করছিল এবং কাটার ধরছিল। তবে ম্যাচের উইকেটের আচরণ কেমন হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পিচ স্লো হলে সে অনুযায়ী বোলিং করতে হবে বলেও জানান তিনি।
আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ৪ ডিসেম্বর গেবেখায় এবং শেষ ম্যাচ ৭ ডিসেম্বর কেপটাউনে অনুষ্ঠিত হবে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের মধ্যে দুটি দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সেঞ্চুরিয়ন, ইস্ট লন্ডন ও উইন্ডহোকে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের ভেন্যুতে খেলার অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে তাসকিন বলেন, ভালো খেলতে পারলে বিশ্বকাপের ম্যাচগুলোতে বাড়তি অনুপ্রেরণা পাওয়া যাবে।
